বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৯ জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক জরুরি সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আমরা যেটা আশঙ্কা করেছি সেটাই হয়েছে। গতকালও এটাই করতে চেয়েছিল বিএনপি। বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। ২০১৩, ১৪, ১৫ সালের পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ থাকতে পারে না। বিএনপির বলে- তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, ঢাকা শহরে ঢোকার রাস্তা বন্ধ করে দেবে। এটা কি তারেক রহমানের বাপের সম্পত্তি।
কাদের বলেন, তাদের আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।
এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে এ জরুরি সভা শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জরুরি সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।